বন্ধ হয়ে যাচ্ছে কলিং পরিষেবা স্কাইপ
পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ। আগামী মে মাসে এটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে এটির মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনামূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট টিমস।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
আরও পড়ুন: এআই দিয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, দ্রুত প্রতিরোধের আহ্বান
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে স্কাইপ কেনার ১৪ বছর পর স্কাইপ বন্ধ হতে যাচ্ছে পরিষেবাটি।
মাইক্রোসফটের ৩৬৫ কলাবরেটিভ অ্যাপস অ্যান্ড প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট জেফ টেপার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘স্কাইপ আধুনিক যোগাযোগের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের জন্য এটি গর্বের বিষয় যে, আমরা এর অংশ ছিলাম।’
আরও পড়ুন: দু’দিন পর বিরল আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে তিন মহাদেশ থেকে
মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করতে পারেন। এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
স্কাইপের জনপ্রিয়তা গত কয়েক বছরে ধীরে ধীরে কমেছে। বিশেষ করে মহামারির পর যেসব প্রতিদ্বন্দ্বী অ্যাপ, যেমন জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্স আরও শক্তিশালী হয়েছে। এর পাশাপাশি অ্যাপল ও মেটা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোও তার প্রতিযোগী হিসেবে সামনে এসেছে।
স্কাইপের বিদায়ের এই অধ্যায় নতুন যুগের সূচনা, যেখানে মাইক্রোসফট টিমসের মতো আধুনিক ও শক্তিশালী প্ল্যাটফর্মের দিকে মনোযোগ দেওয়া হবে।
২০০৩ সালে এস্তোনিয়ায় প্রথম চালু হয় স্কাইপ এবং দ্রুত সারা বিশ্বে আন্তর্জাতিক কলিংয়ে সহজতর ও সস্তা সেবা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। ২০০৫ সালে স্কাইপ কিনে নেয় ই-কমার্স কোম্পানি ইবে। ২০০৯ সালে সেই অংশীদারত্ব ভেঙে স্কাইপের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় কোম্পানিটি। এরপর ২০১১ সালে ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। সেই সময় এটি ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় একক অধিগ্রহণ।





