সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ, কাজে ফিরেছেন শ্রমিকেরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েক দিনের অস্থিরতার পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কর্মপরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) এলাকার সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরাও।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ হেঁটে কর্মস্থলে আসছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতিও দেখা গেছে।

আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ

শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন।

এ ছাড়া বিজিবির বিশেষ দলের নিয়মিত টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাভার, ধামরাই ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব এলাকায় সকাল থেকেই শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

এর আগে গত কয়েক দিন ধরে মাসিক বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। গাজীপুর, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন কার্যকর হলে জানুয়ারি থেকেই তা হাতে পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।