উত্তরা মেট্রোস্টেশনের নিচে পশুর হাট: ৩০ লাখ টাকার ক্ষতি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৩:৩১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর ঘটনায় উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার (১২ জুন) তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, নিয়ম লঙ্ঘন করে মেট্রোস্টেশনের নিচে হাট বসানোর ফলে স্টেশনের সৌন্দর্য ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইজারাদারের জমা রাখা জামানত থেকে ক্ষতিপূরণের পুরো অর্থ সমন্বয় করা হবে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাটের কারণে গাছপালা ও সবুজায়নের ক্ষতি হয়েছে ১৯ লাখ ৩০ হাজার টাকার, নিরাপত্তা বেড়া (ফেন্সিং) ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ টাকার এবং হাট-পরবর্তী ময়লা-আবর্জনা পরিষ্কার করতে শ্রমিক মজুরি, জ্বালানি ও সরঞ্জাম বাবদ প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে উত্তরার দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা পায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। তবে অভিযোগ রয়েছে, ইজারাদার নির্ধারিত এলাকার বাইরে গিয়ে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচের সড়ক, ফুটপাত এবং সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনায় হাট পরিচালনা করেন।

আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

এর ফলে মেট্রোস্টেশনের নিচের গাছপালা, ফুলের বাগান এবং বিভিন্ন সুরক্ষা অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

দায়িত্বরত কর্মকর্তারা জানান, ইজারাদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি ব্যবসায়ীদের সরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা নেননি। বরং তিনি সংশ্লিষ্ট এলাকাকে ইজারাভুক্ত বলে দাবি করেন।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাটি ইতোমধ্যে পুনর্বাসন ও সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন করেছে ডিএনসিসি। মেট্রোস্টেশনের নিচে নতুন করে ফুল ও বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে এবং সবুজায়ন কার্যক্রম শেষ করা হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন নথিভুক্ত করে প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ইজারা চুক্তির শর্ত ভঙ্গ এবং তদন্ত প্রতিবেদনে নির্ধারিত ক্ষয়ক্ষতির ভিত্তিতে ইজারাদারের জামানত থেকে পুরো অর্থ কেটে রাখা হবে।