সকল গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নির্দেশনা কার্যকর করল বিআরটিএ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা আজ (শনিবার, ১ আগস্ট) থেকে বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর আগে গত ২৮ জুলাই প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় বিআরটিএ। সংস্থাটি জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক।

আরও পড়ুন: দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, যা জানালো পুলিশ

সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি নির্দেশনা বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থার ওয়েবসাইট www.brta.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে আসছে নতুন প্রস্তাব

এদিকে রাজধানীতে চলাচলকারী কয়েকজন গণপরিবহন চালক জানিয়েছেন, অনেক যানবাহনেই আগে থেকেই জিপিএস ডিভাইস রয়েছে। তবে নির্ধারিত মান অনুযায়ী জিপিএস স্থাপন ও সেটি সার্বক্ষণিক সচল রাখার বিষয়টি কীভাবে তদারকি করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।

অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগও জানিয়েছে, গণপরিবহনে জিপিএস ব্যবহারের নিয়মিত নজরদারি বা বাস্তবায়নসংক্রান্ত কোনো পৃথক নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি।