বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ, ৩ বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় সক্রিয় রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা আরেকটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিন বিভাগে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

একই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৭০ মিলিমিটার।