তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের তিন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ১৪ জেলার ওপর ঝড়ো হাওয়ার আভাস

এছাড়া সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাতের মধ্যে ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত