সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টির সতর্কতা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ১৮ জেলায় বিপদের ঘণ্টা
আবহাওয়া অফিসের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
টানা বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: টানা বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে?
এদিকে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





