দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের রাজস্থান থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বিরাজ করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

আরও পড়ুন: ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।