সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন এলাকায় আগামী দুদিন বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, সাগরে থাকা গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে আসার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সাগরও উত্তাল থাকতে পারে। এ কারণে চার সমুদ্রবন্দরে স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, ভারী বর্ষণের আভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজলুর রশীদ জানান, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্যদিকে পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়াবিদ বলেন, চলমান বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত





