দীর্ঘ অসুস্থতার পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
অলকা ইয়াগনিক। ছবিঃ সংগৃহীত
অলকা ইয়াগনিক। ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থতার কারণে সংগীতজগৎ ও জনসমাগম থেকে দূরে ছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে বিশেষ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই।

আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হবে সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছরের সংগীত সফর উদ্‌যাপন অনুষ্ঠান ‘ক্যায়া জামানা থা’। এতে অংশ নিতে অলকা ইয়াগনিককে নিজেই তাঁর বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানান পরিচালক। সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন গায়িকা।

আরও পড়ুন: তিন বছরের বিরতি ভেঙে একসঙ্গে জোভান-ফারিণ

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন সুভাষ ঘাই। তিনি জানান, আমন্ত্রণ পেয়ে হাসিমুখে অলকা বলেছেন, ‘আমি আসব।’ তাঁর এই সম্মতিতে আনন্দিত পরিচালকও। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিক। এসব সিনেমার একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা।

উল্লেখ্য, ২০২৪ সালে ভাইরাল সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর সমস্যায় ভোগার কথা প্রকাশ্যে আনেন অলকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি সেন্সরিনিউরাল হিয়ারিং লস নামে পরিচিত। অসুস্থতার কারণে নিয়মিত কাজ থেকেও দূরে সরে যান তিনি। কয়েক মাস আগেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে ১১ ডিসেম্বরের অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের সম্মতি সংগীতপ্রেমীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। যদিও এটি নিয়মিত মঞ্চে ফেরার ইঙ্গিত কি না, তা এখনো নিশ্চিত নয়। অনুষ্ঠানে ৭০ সদস্যের অর্কেস্ট্রার সঙ্গে সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রের স্মরণীয় গানগুলো নতুন সংগীতায়োজনে পরিবেশিত হবে।    

আরও পড়ুন: পর্দায় ফিরছেন চুলবুল পাণ্ডে