সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় রয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, লঘুচাপের সম্ভাবনা
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।





