সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
ঝিনাইদহ সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছে দুই সংসারের সন্তানরা। পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় মৃত্যুর ১০ ঘণ্টা পর মরদেহ দাফন সম্পন্ন হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে লেদু দেওয়ান (৮০) ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুই সংসারের ১০ সন্তানের জনক। মৃত্যুর আগে তিনি সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন।
এ কারণে প্রথম সংসারের ৭ সন্তান ও দ্বিতীয় সংসারের ৩ সন্তানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা দাফনের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর সন্তানরা সম্পত্তি ভাগ না দেওয়া পর্যন্ত দাফন হবে না বলে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।
একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। কাতলামারি পুলিশ ক্যাম্পের এএসআই ইকবাল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদসহ গণ্যমান্যরা বৈঠক করেন।
বৈঠকে সমঝোতার ভিত্তিতে দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রীর সন্তানদের ৭০ শতক জমি দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। পরে রাত ৮টার দিকে মরদেহ দাফন করা হয়।
প্রথম স্ত্রীর সন্তানদের অভিযোগ, বাবাকে জিম্মি করে সৎ মা ও তার সন্তানরা সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়েছে।
তবে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের দাবি, বাবা জীবিত থাকতেই স্বেচ্ছায় সম্পত্তি দিয়ে গেছেন।
এএসআই ইকবাল হোসেন বলেন, লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় বড় ধরনের অঘটনের শঙ্কা ছিল। স্থানীয়দের সহায়তায় উভয় পক্ষের মধ্যে লিখিত সমঝোতার মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়।





