শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে ৪ জন গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করার চেষ্টা করায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের মাংস বিতরণ, উপকৃত ১,৬০০ পরিবার
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের আজাদুল আলম মোল্যার ছেলে ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা (২৫)।
আরও পড়ুন: কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে আসিফ ও হাসনাত টাকা নিয়েছেন বলে অভিযোগ প্রশাসকের
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলাবাজার পত্রিকা কে জানান, সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসান মোল্যা, ইব্রাহিম মিয়া, সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের কোন পদে আছেন কিনা এখনও নিশ্চিত করা যায়নি।
ওসি আরও জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আজ ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তার জন্ম হয়।





