কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে মেরামতকাজ চলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিবাড়ী রোড, চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে লিকেজের সৃষ্টি হয়েছে। এ কারণে বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে। মেরামতকাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





