ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

Any Akter
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  শনিবার (২৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নাসির উদ্দিন ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাচ্চু গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নিহত হন।

আরও পড়ুন: সারওয়ার আলমের আকস্মিক প্রত্যাহারে ফুঁসছে সিলেট

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।