কুলাউড়ায় মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক এমপি আলী আব্বাছ খান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে আরও ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি হলেন সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ খান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
এছাড়াও ইতোমধ্যে আরও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।
নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’





