নকলায় কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করলো বাবা

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নকলায় মরিয়ম আক্তার (৬) নামে নিজ কন্যাশিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি রবিবার ভোররাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এছাড়া ৪ বছর বয়সী আরেক কন্যাশিশু মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত পিতা অটোরিকশাচালক বাবু মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার চরবসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে একপর্যায়ে বাবুর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। রবিবার ভোররাতে হঠাৎ করে তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন এবং ছোট মেয়ে মিমকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ছুটে গিয়ে তাকে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশু মিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

চরঅষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য মো. দুলাল বলেন, “আমি যতটুকু জানি পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি।”

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়