সাতক্ষীরায় এবার পোস্টাল ভোট দিয়েছেন ৫ হাজার প্রবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসীদের সংখ্যা ৫ হাজার ৬৮৬।
জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ব্যালট হাতে পাওয়ার পর ভোটাররা তা ডাকযোগে ফেরত পাঠাচ্ছেন।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রবাসী ভোটার ২ হাজার ৫৬ জন (পুরুষ ১,৯৮১, নারী ৭৫), সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ১ হাজার ৬৯৪ জন (পুরুষ ১,৬০১, নারী ৯৩) নিবন্ধন করেছেন। এ ছাড়া সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ১ হাজার ২৩৫ জন (পুরুষ ১,১৯৮, নারী ৩৭) এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৭০১ জন (পুরুষ ৬৬৫, নারী ৩৬) প্রবাসী ভোটার নিবন্ধন করেছিলেন। এই চার আসনের মধ্যে সাতক্ষীরা-১ আসনে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, প্রবাসে অবস্থান করেও ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। ফেরত আসা ব্যালটগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী গণনায় অন্তর্ভুক্ত হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, জেলার মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ এবং ট্রান্সজেন্ডার ভোটার ১৩ জন। জেলার ৬০৯টি কেন্দ্রে ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





