জৈন্তাপুরে হাওর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাওরের ভেতর থেকে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া হাওরের ‘আঁকাবাঁকা’ নামক স্থানে একটি হিজল গাছের ডালের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন: সিলেটে নকল ব্যানারে অবৈধ বাস, প্রাণ গেল মা ও শিশুর
নিহত ব্যক্তির নাম হাফেজ মিজানুর রহমান (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার ওমাগড় গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি কানাইঘাট বাজারে ‘আম্মাজান কাপড় দোকান’-এর সত্ত্বাধিকারী ছিলেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”





