শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে মার্কেটে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে চারজন অগ্নিদগ্ধ হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে।
এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।
আরও পড়ুন: এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী
অগ্নিদগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শত শত মানুষ ছোটাছুটি করে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।





