নিখোঁজের পর প্রতিবেশীর বাড়ির ছাদে মিলল শিশুর মরদেহ
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদের উপরে ৬ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (৬) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. শক্কুর আলীর ছেলে।
স্বজন সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু আবদুর রহমান তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় দোকান থেকে খাবার কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
রবিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ও শিশুটির পরিবারের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর মা সুমি আক্তার বলেন, শনিবার সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ সকালে প্রতিবেশীর ছাদ থেকে আমার ছেলের নিথর মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, কোন এক সময়ে আমার ছেলেকে গলাটিপে হত্যা করেছে। আমাদের কোনো শত্রু নেই। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় নখের দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে।





