কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনা: তদন্তে একাধিক পক্ষের অবহেলা, ১২ জন নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে কুমিল্লার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদনটি দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পেছনে একাধিক পক্ষের অবহেলা রয়েছে। এর মধ্যে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার ও লোকোমাস্টারসহ আরও কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাসচালকের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়েছে। পাশাপাশি সড়ক বিভাগের চলমান নির্মাণ কাজও দুর্ঘটনার একটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ছয়টি বড় ধরনের ব্যত্যয় পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভাগগুলোর দায় রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে মোট ৮টি সুপারিশ করেছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ভোররাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

ঘটনার পর দায়ের করা মামলায় ইতোমধ্যে তিনজন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।