হামের প্রাদুর্ভাব

বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ১৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়। আক্রান্তদের মধ্যে ১২২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: নরসিংদীতে বেড়েছে হামের প্রাদুর্ভাব, জনমনে আতঙ্ক

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা ওষুধ সংকটের অভিযোগ করেছেন। তাদের দাবি, প্যারাসিটামল ছাড়া প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য আর্থিক চাপ তৈরি করছে।

বুড়িরচর ইউনিয়নের এক অভিভাবক জানান, তার সন্তান কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছে না। একই ধরনের অভিযোগ করেছেন ঢলুয়া এলাকার আরেকজন অভিভাবক, যিনি সন্তানের চিকিৎসায় কয়েক দিনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “সংক্রমণ বেড়ে যাওয়ায় সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আশা করছি দ্রুত সংক্রমণ কমে আসবে।”