কুলাউড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা শুরু
মৌলভীবাজারের কুলাউড়ায় পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় নতুন ক্যাশলেস সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের মিলিপ্লাজা মার্কেটে ‘ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক’ মতবিনিময় সভার মাধ্যমে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ধীরে ধীরে মানুষ নগদ টাকার বিকল্প ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছে। গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: র্যাবের অভিযানে ১৭ লাখ টাকা ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক আবুল খায়ের মো. ইকবাল। তিনি ক্যাশলেস লেনদেনের প্রয়োজনীয়তা, ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
ব্যবসায়ী সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ।
আরও পড়ুন: শৈলকুপায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুলেমান হোসেন ও জুনেদ খান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।





