রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন, ‘রবীন্দ্রসাহিত্য অন্ধকার দূর করার হাতিয়ার’
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহাসিক শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার। তিনি বলেন, “রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে, তেমনি তাঁর কালজয়ী সাহিত্য আমাদের চেতনার অন্ধকার দূর করেছে।”
আরও পড়ুন: কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ছিলেন একজন মানবতাবাদী ও কৃষক দরদি ব্যক্তিত্ব। প্রজাদের সঙ্গে তাঁর আচরণ ছিল অত্যন্ত সংবেদনশীল এবং প্রচলিত জমিদারি প্রথা থেকে সম্পূর্ণ ভিন্ন।
শিলাইদহ কুঠিবাড়িকে বাঙালির সাহিত্য-সংস্কৃতির এক জীবন্ত স্মারক হিসেবে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানান, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে কুঠিবাড়িকে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে।
আরও পড়ুন: গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।
আলোচনা সভা শেষে মন্ত্রী শিলাইদহ কুঠিবাড়ির জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত কবির স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন।
পরে উন্মুক্ত মঞ্চে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিল্পী শ্রেহা খাতুনের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। তিনদিনব্যাপী এই উৎসবে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকসহ নানা আয়োজন রাখা হয়েছে।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





