সুন্দরবনে মধু আহরণের সময় বাঘের আক্রমণ, মৌয়াল আহত

Sanchoy Biswas
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ১২ মে ২০২৬
সুন্দরবনে বাঘের কামড়ে আহত মৌয়াল বাবলু গাজী। ছবিঃ সংগৃহীত
সুন্দরবনে বাঘের কামড়ে আহত মৌয়াল বাবলু গাজী। ছবিঃ সংগৃহীত

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল আহত হয়েছেন। সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সোমবার সকালে লোকালয়ে এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাবলু গাজীসহ মৌয়ালদের একটি দল সুন্দরবনের পায়রাটুনি খাল সংলগ্ন এলাকায় মধু ভাঙতে যান। সেখানেই বাঘের আক্রমণের শিকার হন আহত বাবলু গাজী।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আহত বাবলু গাজী গাবুরা ইউনিয়ন-এর ডুমুরিয়া গ্রামের আব্দুল মালেক গাজী-র ছেলে।

মৌয়াল দলের নেতা ইউসুফ গাজী জানান, ১০ সদস্যের একটি দল চারদিন আগে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকা দিয়ে মধু সংগ্রহে প্রবেশ করেন। রোববার সকালে কাছিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় দলটি বনের ভেতরে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাঘ হঠাৎ বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩

তখন বনের ভেতরে থাকা সদস্যদের পাশাপাশি নৌকায় অবস্থান করা অন্য সদস্যরা লাঠি ও দা নিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাঘটি বাবলুকে ছেড়ে বনের গভীরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেন তারা।

আহত বাবলু গাজীর বাবা আব্দুল মালেক গাজী বলেন, হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি বাঘ আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়েছে। পরে সবাই মিলে দা ও লাঠি নিয়ে আক্রমণ করলে বাঘটি পালিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সহকারী মেডিকেল অফিসার ডা. শাকির হোসেন জানান, বাবলু গাজীর ঘাড়ের নিচ থেকে পিঠ ও কোমর পর্যন্ত বাঘের কামড়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আহত মৌয়ালকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।