কমলগঞ্জে গাড়ির কাগজ চেকিং করতে গিয়ে বের হলো ৭ হাজার পিস নিষিদ্ধ নাসির বিড়ি, আটক কিশোর
মৌলভীবাজারের কমলগঞ্জ-এ ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটক ওই কিশোর উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকাল থেকে ওই এলাকায় বিশেষ অভিযান চলছিল। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
এছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটরসাইকেল ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে দুই দিনের অভিযানে ২৫টি মোটরসাইকেল ও ৫টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের এ অভিযান পরিচালিত হচ্ছে। আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩





