নিকলীতে মাদকের আখড়ায় পুলিশের হানা, ৩৪ লিটার চোলাই মদসহ কুখ্যাত নারী মাদক কারবারি গ্রেপ্তার; স্বামী পলাতক

Sanchoy Biswas
ইছমত আলী, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক কুখ্যাত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২৪ মে) রাত পৌনে ৮টার দিকে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই শরিফুজ্জামান, এএসআই লুৎফর রহমান, এএসআই জাকির হোসেনসহ পুলিশের একটি চৌকস দল উপজেলার দামপাড়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার

গ্রেপ্তারকৃত মরিয়ম (৪৯) মাইজহাটি গ্রামের আবু বক্কার ছিদ্দিকের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের নজরদারির পর আবু বক্কার ছিদ্দিকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি তল্লাশি করে ৩৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মরিয়মকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক কারবারি আবু বক্কার ছিদ্দিক (৫৯) কৌশলে পালিয়ে যায়। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে নিকলী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এখনও সমাজ ধ্বংসের এই অপকর্মে জড়িত, তাদের প্রতি শেষবারের মতো কঠোর সতর্কবার্তা—অবিলম্বে এ পথ ছেড়ে দিন, অন্যথায় আইনের কঠোরতম আঘাতে তাদের পরিণতি ভয়াবহ হবে।”

তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের এ অভিযান আরও বেগবান করা হবে।

এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী পুলিশের এ সাহসী ও প্রশংসনীয় অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন এবং মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।