ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স
ঈদের দিন সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
রাষ্ট্রপতি বলেন, “আসুন, বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয়—সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার মহান আদর্শ হৃদয়ে ধারণ করি।”
আরও পড়ুন: নন্দীগ্রাম উপজেলা যুবদল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
তিনি বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে আত্মত্যাগ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ, বাংলাদেশ পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।





