ধর্মপাশায় পূর্ব শত্রুতার কারণে ১ জনকে পিটিয়ে হত্যা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টায় পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কারির বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে নাসিম মিয়া (৩৮) চায়ের দোকানদার। তিনি দোকানে যাচ্ছিলেন। এমন সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু ও মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন লোক এসে নাসিমকে আঘাত করে।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
নাসিমের আত্মচিৎকারে আশপাশের লোকজনসহ নিহতের বড় ভাই আল আমিন ছুটে আসলে দুর্বৃত্তরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
নিহতের বড় ভাই ও তার আত্মীয়-স্বজনরা আহত নাসিমকে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্মরত চিকিৎসক ডা. মো. আবু রায়হান সজীব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত নাসিমের বড় ভাই আল আমিন বলেন, “অলি, ডালি, আনু, সফু ও মোশারফ দীর্ঘদিন ধরে আমার চাচাতো বোনের ছবি নিয়ে আমাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এতে আমার ভাই নাসিম প্রতিবাদ করায় ৭ জুন রোববার সকাল সাড়ে ৬টায় দুর্বৃত্তরা একত্রিত হয়ে পিটিয়ে হত্যা করে।”
এ ব্যাপারে অভিযুক্ত অলির সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, “নাসিমের মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানি না। এ ব্যাপারে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, “এ ব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”





