ফুলগাজীতে শিশুপুত্রকে আছাড়ে হত্যার অভিযোগ, বাবা আটক

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ১১:২৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। সে মোহাম্মদ সুলতান ও রুনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কিতাব আলীর ছেলে মোহাম্মদ সুলতান কাজের সুবাদে স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে ফুলগাজীতে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে সুলতান তার স্ত্রী রুনা আক্তারকে একটি পানীয় কিনে আনার জন্য দোকানে পাঠান। কিছুক্ষণ পর বাসায় ফিরে রুনা আক্তার তার শিশুপুত্রকে অচেতন অবস্থায় দেখতে পান।

রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে প্রায়ই সংসারে অশান্তি সৃষ্টি করতেন। কান্নাকাটি করলেই তিনি শিশুটির ওপর ক্ষুব্ধ হতেন। ঘটনার দিনও শিশুটিকে আছাড় মেরে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

তবে মোহাম্মদ সুলতান পুলিশের কাছে দাবি করেছেন, শিশুটিকে কোলে নিয়ে খেলার সময় অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে যায়।

পরিবারের সদস্যরা পরে শিশুটিকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।