আসামিকে মারধরের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে থানা হেফাজতে এনে মারধরের ঘটনায় পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রায়পুর আমলি অঞ্চলের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ নির্দেশ দেন।

আরও পড়ুন: কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, জিআর ১৮৩/২৬ মামলায় শাওন নামে এক আসামিকে গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত থানায় তাকে মারধর করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এলে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলে শাওন জানান, থানায় থাকাকালে তাকে প্রচুর মারধর করা হয়েছে। পরে জেলা সিভিল সার্জনের মাধ্যমে তার চিকিৎসা করানোসহ মেডিকেল সার্টিফিকেট নেওয়া হয়। এতে মারধরের বিষয়টির সত্যতা পাওয়া যায়। আইন অনুযায়ী এসআইয়ের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারকে এফআইআর মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্তের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: নন্দীগ্রাম উপজেলা যুবদল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, দীপ্তের বিরুদ্ধে এফআইআর নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এখনো আদালতের কোনো নির্দেশনা পাইনি।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মে রায়পুরের সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা চুরি হয়ে যায়। এ ঘটনায় বাবুল বাদী হয়ে একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে ১৭ জুন থানা পুলিশ মামলা রুজু করে। একই দিন ভোরে রায়পুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত।