গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই এ মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

শিশুটির নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মানহা মনি তার নানার সঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। খাওয়ার সময় একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে শিশুটি হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে।

পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।