কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা ৪২ কেজি গাঁজার একটি বড় চালান চুয়াডাঙ্গায় পৌঁছানোর আগেই আশুলিয়ায় আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ এবং দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাভারের ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

আরও পড়ুন: ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার শিবপুর থানার বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে মাসুম এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ। পুলিশের তথ্য অনুযায়ী, মাসুমের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় ডিবির একটি দল। সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন: যত্রতত্র ময়লা না ফেলার প্রতিজ্ঞা সবার হওয়া উচিত: সিডিএ চেয়ারম্যান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি স্বীকার করেছেন, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন তারা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।