আশুলিয়ায় বিদেশি কনডমের মোড়ক বদলে বিক্রি, প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিদেশি ব্র্যান্ডের জন্মনিরোধক (কনডম) অবৈধভাবে মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা, ১০০ কার্টন পণ্য জব্দ এবং মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত সাফিয়ান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের রহস্যে নতুন মোড়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বৈধ ব্যবসার আড়ালে বিদেশি ব্র্যান্ডের জন্মনিরোধক (কনডম) মজুদ করে সেগুলোর মোড়ক পরিবর্তন করে বাজারজাত করে আসছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, অভিযানের সময় প্রতিষ্ঠানটির গুদাম থেকে ১০০ কার্টন পণ্য জব্দ করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শাহাদাত হোসেন শান্তকে ৪ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক

তিনি আরও জানান, বিদেশি ব্র্যান্ডের পণ্যের মোড়ক পরিবর্তন করে বাজারজাত করা ভোক্তা-স্বার্থবিরোধী এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তাদেরও এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ করা পণ্য ও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।