কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ৯৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৩১৯ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ২৮ লাখ টাকা। এতে ১৬ লাখ ৬২ হাজার ৭১৯.৬১ টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।
আরও পড়ুন: সিলেটে নকল ব্যানারে অবৈধ বাস, প্রাণ গেল মা ও শিশুর
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, এটি একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এজন্য সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন: কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স
অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল।
পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং মিডিয়াকর্মীরা।





