জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হলে বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন নারী আহত হন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসযাত্রীর মোবাইল ছিনতাই চক্রের মূল হোতা আটক, উদ্ধার ১১টি স্মার্টফোন
আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সুবিধাবঞ্চিত যাত্রীদের কণ্ঠস্বর কবীর আহমেদ ভূঁইয়া, রেলপথ মন্ত্রণালয়ে জোরালো আবেদন
নিহতদের মধ্যে অটোরিকশাচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলায়। অপর নিহত নারীও একই উপজেলার বীরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির পরিচয় জানা গেছে। অপর দুই আহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছেন বলে জানা গেছে।





