মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় গভীর রাতে ডাকাতি ও হামলার প্রস্তুতির সময় শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) মধ্যরাতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আদাবর থানা পুলিশ।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চক্রটি একটি মুরগির ফার্মে ডাকাতি এবং পুলিশের এক সোর্সের ওপর হামলার পরিকল্পনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের আটক করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার কিশোর গ্যাং-সংশ্লিষ্ট বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেলকে গ্রেপ্তারের জেরে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে চক্রটি। এ উদ্দেশ্যে স্থানীয়দের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

অভিযানের সময় আসামিদের কাছ থেকে একাধিক চাপাতি, সামুরাইসহ বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তারা দীর্ঘদিন ধরে ওই চক্রের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন।

তবে স্থানীয়দের দাবি, এর আগেও এ ধরনের অপরাধীরা গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তাই গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।