সিলেটে প্রবাসীর জায়গা দখলের চেষ্টা: জনতার ধাওয়ায় গাড়ি ও অস্ত্র ফেলে পালাল বহিরাগতরা
সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর কোটি টাকার জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বহিরাগত একদল দুর্ধর্ষ ও সশস্ত্র চক্র নিয়ে হানা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এলাকার সাধারণ মানুষের সাহসিকতা এবং তীব্র প্রতিরোধের মুখে পড়ে নিজেদের ব্যবহৃত একটি নোয়াহ গাড়ি এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনুপ্রবেশকারীরা।
বুধবার (৮ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: সুবিধাবঞ্চিত যাত্রীদের কণ্ঠস্বর কবীর আহমেদ ভূঁইয়া, রেলপথ মন্ত্রণালয়ে জোরালো আবেদন
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ফেলে যাওয়া গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডনপ্রবাসী জাভেদ আহমেদের বৃদ্ধ মা-বাবা ওই বাড়িতে বসবাস করেন। সম্প্রতি তিনি দেশ থেকে পুনরায় প্রবাসে যাওয়ার সুযোগে এলাকার প্রভাবশালী রায়হান গং ভাড়াটিয়া বহিরাগত সন্ত্রাসী এনে এই ঘটনা ঘটায়। দীর্ঘদিন ধরেই তারা উক্ত প্রবাসীর মূল্যবান জায়গাটি গ্রাস করার জন্য নানামুখী ষড়যন্ত্র ও পাঁয়তারা চালিয়ে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান এবং জায়গাটির ওপর ১৪৪ ধারা জারি রয়েছে।
আরও পড়ুন: ৫ বছরের শিশুকে গণধর্ষণ ও হত্যার মামলার রায় ১০ কর্মদিবসে; ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের কারাদণ্ড
উপস্থিত এলাকাবাসী জানান, আদালতের নিষেধাজ্ঞা ও আইনের কোনো তোয়াক্কা না করে পেশিশক্তির জোরে প্রবাসীর জায়গাটি দখল করে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত ও পেশাদার অপরাধীদের নিয়ে আসা হয়েছিল। কিন্তু প্রবাসীর জায়গা দখলে বহিরাগতরা হানা দিয়েছে—এমন খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। চারদিক থেকে শত শত লোকজনের আকস্মিক উপস্থিতি টের পেয়ে এবং নিজেদের অবস্থা বেগতিক দেখে ভাড়াটে চক্রটি তাদের ব্যবহৃত গাড়ি ও অস্ত্র রেখেই দ্রুত চম্পট দেয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশি চালিয়ে অপরাধীদের ফেলে যাওয়া নোয়াহ গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৬) এবং জায়গা দখলের উদ্দেশ্যে আনা অস্ত্রশস্ত্রগুলো জব্দতালিকা তৈরি করে থানা হেফাজতে নিয়ে যায়।
এদিকে, একজন প্রবাসীর অনুপস্থিতিতে তাঁর বৃদ্ধ বাবা-মাকে জিম্মি করে প্রকাশ্য দিবালোকে বহিরাগত এনে জায়গা দখলের চেষ্টার ঘটনায় স্থানীয় প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। পুরো গোলাপগঞ্জজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "পুলিশ ঘটনার খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। প্রবাসীর জায়গা দখল বা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"





