কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে।

পলায়নকারী বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দী।

আরও পড়ুন: অপরাধী চক্রের অপপ্রচারের অভিযোগ, পেশাদারিত্বে অটল থাকার দাবি আনসার বাহিনীর

কারা সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভেতরে বহুবার তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পাননি।

কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। তাঁদের সঙ্গে তিনজন আসামিও দায়িত্বে সহযোগিতা করেন। কারা বিধি অনুযায়ী বিকেল ৫টার মধ্যে আসামিদের লকআপে নেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানা হয়নি। এই সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পা নামের ওই আসামি দেয়াল টপকে পালিয়ে যান।

আরও পড়ুন: সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, "আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।"

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে একজন আসামি গত রাতে পালিয়েছেন। আজ বিকেলে কোনাবাড়ী থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।