নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ঢাকা কাচ্চি বাড়িকে জরিমানা
চুয়াডাঙ্গা শহরের ভিজে স্কুলের সামনে ঢাকা কাচ্চি বাড়ি নামের একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্প্রতি বিরিয়ানি খেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়ায় শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা রোডের বিরিয়ানি হাউজগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফেনী জেলা জামায়াতের আমীর
অভিযানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করায় আনিছজ্জামানের প্রতিষ্ঠান ঢাকা কাচ্চি বাড়িকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শাহী নান্না বিরিয়ানি হাউজ ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ক্ষতিকর বা নিষিদ্ধ কোনো উপাদান পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং ভবিষ্যতে নিষিদ্ধ কোনো উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: দরিদ্র পিতার মেয়ের বিয়েতে ফেনী জেলা জামায়াত আমিরের মানবিক সহায়তা
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





