বাসাবাড়িতে রান্না বন্ধ, মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি
রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, কুমিল্লায় তীব্র গ্যাস সংকট
কুমিল্লায় তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বাসাবাড়ির রান্নাঘর থেকে শুরু করে খাবার হোটেল, সিএনজি ফিলিং স্টেশন, পণ্য পরিবহন, গণপরিবহন ও শিল্প-কারখানায় এর সরাসরি প্রভাব পড়েছে। কোথাও গ্যাস একেবারেই নেই, আবার কোথাও মিলছে অতি স্বল্পচাপে। ফলে রান্না বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী যানবাহনকে।
স্থানীয় বাসিন্দারা জানান, নগরীর অনেক আবাসিক এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে রাতে অল্প সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও ১২ আগস্ট দিনভর অনেক এলাকায় গ্যাস ছিল না। এতে কেউ রাত জেগে রান্না করেছেন, আবার কেউ বাড়ির উঠানে বিকল্প চুলা ব্যবহার করেছেন। নজরুল এভিনিউ এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া জানান, ৩১ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের বাসায় গ্যাস নেই। বাইরে থেকে খাবার কিনে খেতে হলেও গ্যাস সংকটে হোটেল-রেস্তোরাঁগুলোতেও অতিরিক্ত ভিড় দেখা দিয়েছে।
আরও পড়ুন: হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘দিগন্ত মেগা শপ’, গ্রামীণ জনপদে শহরের ছোঁয়া
গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালকেরা। সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যান, ট্রাক ও লরির দীর্ঘ সারি দেখা গেছে। চালকেরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়েছে। কোনো কোনো গাড়ি ২৪ ঘণ্টার পরিবর্তে দুই-তিন দিনেও গন্তব্যে পৌঁছাতে পারছে না। এতে নির্ধারিত সময়ে বন্দরে পণ্য পৌঁছাতে না পারলে শিপমেন্ট বাতিলের আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।
গ্যাসের অভাবে কুমিল্লা-ফেনীসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচলও ব্যাহত হচ্ছে। অনেক সিএনজিচালিত বাস ও অটোরিকশা সড়কে নামতে না পারায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কুমিল্লা বিসিক এলাকার শিল্প-কারখানাগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে বেকারিগুলো স্বাভাবিকভাবে চলতে না পারায় মালিকদের লোকসানের পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন: হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ শুরু
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমে যাওয়ায় জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ অস্বাভাবিকভাবে কমেছে। এর প্রভাবে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্বল্পচাপ দেখা দিয়েছে।
এর মধ্যেই দেবিদ্বারে ১৫ আগস্ট সকাল ১০টা থেকে ১৭ আগস্ট সকাল ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সড়ক প্রশস্তকরণ কাজের জন্য স্থানান্তরিত পাইপলাইনে জরুরি হুক-আপ ও কমিশনিংয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের সংকটের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকায় স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি বিজিডিসিএল। সংকট দ্রুত সমাধান করে আবাসিক গ্রাহক, গণপরিবহন ও শিল্প-কারখানায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কুমিল্লাবাসী।





