নরসিংদীতে স্কুল শিক্ষককে পুলিশ সদস্যের মারধর
নরসিংদী জেলার মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হাইস্কুলের শিক্ষক খুরশিদ আলমকে লোহার পাইপ দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এএসআই সোহেল রানার বিরুদ্ধে। এ ঘটনায় মনোহরদী উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত ২৫ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এএসআই সোহেল রানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অর্থসংকট, শারীরিক স্বাস্থ্যজনিতসহ সমস্যার কারণে সঠিক সময়ে হাজিরা দিতে না পারায় তার নামে নরসিংদী আদালতে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ কারণে মনোহরদী থানার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল রানা শিক্ষককে ২৫ জুলাই সকালে গ্রেপ্তার করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার, ৫ নারী জামিনে মুক্ত
এ সময় শিক্ষক খুরশিদ আলমের কাছে মোটা অংকের অর্থ দাবি করেন পুলিশ সদস্য এএসআই সোহেল রানা। পুলিশ সদস্যের চাহিদামতো টাকা দিতে না পারায় পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আসামির সঙ্গে খারাপ আচরণ করা হয়।
পরে বাদীর কথামতো এএসআই সোহেল রানা শিক্ষককে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে নির্মমভাবে লোহার পাইপ দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে আঘাত করে বাম হাতের হাড় ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলেন।
আরও পড়ুন: উলিপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরে জামিনে মুক্ত হয়ে গত ২ আগস্ট এ নিয়ে নির্যাতিত শিক্ষক নরসিংদী জেলা আদালতে এএসআই সোহেল রানা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ৫২১/২৬, দঃবিঃ ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭/(৫০৬) ২০২৬। যা বর্তমানে মনোহরদী থানার অফিসার ইনচার্জ বরাবর তদন্তাধীন।
ইতিপূর্বে মামলার বিবাদী রহিমসহ আরও কয়েকজন একত্রিত হয়ে শিক্ষক খুরশীদ আলম মাস্টারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তার বাইক ছিনতাই করার অপরাধে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। নং-৯৮/২৬, দঃবিঃ ৩৪২/৩৮৫; ৩৭৯/৫০৬(১১); ১০৯ ধারা। ০২/০২/২০২৬ যা আদালতে বিচারাধীন আছে।
তবে শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় মনোহরদীতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ধরনের অনভিপ্রেত ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
একইসঙ্গে শিক্ষক খুরশিদ আলমের কাছে পুলিশ সদস্যের অর্থ দাবি এবং নির্মম নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।





