চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু, লাখো মানুষের ঢল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে অংশ নিতে ভোর থেকেই নগরে আসতে শুরু করেছেন বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়া থেকে জুলুসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মানুষ জুলুসে অংশ নিতে নগরে আসছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার অনেকে পায়ে হেঁটে মুরাদপুর ও ষোলশহর এলাকায় পৌঁছান।
আরও পড়ুন: বন্দীদের সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ, খাবার-চিকিৎসা ও পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা
ভোর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মুসল্লিদের দীর্ঘ সারি ও জনসমাগম দেখা গেছে। ধর্মীয় আবহে মুখর হয়ে উঠেছে পুরো নগরী। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জশনে জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
জুলুসকে ঘিরে ইতোমধ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও মোড় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় সেজেছে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। স্থানীয় সূত্র জানিয়েছে, জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।
আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য
এ সময় তার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে আয়োজকরা। এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জশনে জুলুসের মতো সংবেদনশীল ও বৃহৎ ধর্মীয় সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, শৃঙ্খলা ও সততার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





