সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটকের সময় তার সঙ্গে স্ত্রী রিমি ও দুই ছেলে ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকেই তাকে আটক করা হয়।
চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’ নামে একটি দোকান আছে পিন্টু দাসের। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাসা ও দোকান এক সপ্তাহের বেশি সময় ধরে তালাবদ্ধ। তিনি বন্ধকি স্বর্ণালংকারসহ বিভিন্নজনের কাছ থেকে টাকাপয়সা আত্মসাৎ করে সপরিবার পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিন অভিযান চালানোর পর অবশেষে সফলতা এসেছে। মূলত ঋণের চাপের কারণে পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন।
আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।





