গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ‘বিজ্ঞপ্তি’ ভুয়া
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় সংবাদ প্রকাশের সময় পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সাংবাদিক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





