দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

Shahrier Islam Pallab
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত মহিষ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কুলাউড়ায় বেশি দামে তেল বিক্রির অভিযোগ, দোকানিকে জরিমানা

অভিযান চলাকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—দৌলতখান উপজেলার কয়ছর মাঝি (৬০), মো. আপন (২৬) ও মো. মফিজ খন্দকার (৬০) এবং ভোলা সদর উপজেলার কোবির পঞ্চায়েত (৬২)।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলা জেলার বিভিন্ন চরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ার ধামসোনায় বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূলে ক্ষোভ

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।