আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশে ফের বেড়েছে লোডশেডিং
কয়লা স্বল্পতায় গত এক মাস ধরে সীমিত বিদ্যুৎ উৎপাদন করছিল ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির বিদ্যুৎকেন্দ্র। কয়লা সরবরাহ বাড়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রটির উৎপাদনও বাড়ছিল। তবে হঠাৎ করে ওই দিন দিবাগত রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আরও বেড়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কমে যায়। গত মাসের শেষ দিকে উৎপাদন বাড়িয়ে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল কেন্দ্রটি। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সরবরাহ করা হচ্ছিল সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত।
আরও পড়ুন: ধর্মান্তরিত শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাইকোর্ট
বৃহস্পতিবার রাতে কেন্দ্রটির উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করার রেকর্ডও রয়েছে এই কেন্দ্রের।
আরও পড়ুন: মাগুরায় আবারও ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
এ বিষয়ে আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত দুজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কেন্দ্রটির বয়লারে সমস্যা হয়েছে। এটি শীতল হতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ত্রুটি মেরামতের কাজ শুরু হবে। ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বাড়তে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
পিডিবি সূত্র জানায়, দুই মাসের বেশি সময় ধরে দেশে গ্যাসের সংকট তীব্র হয়েছে। এর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত কমেছে। একই সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। কয়লাস্বল্পতা ও কারিগরি সমস্যার কারণে এসব কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে।
কিছুদিন ধরে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। পটুয়াখালীর আরেকটি বিদ্যুৎকেন্দ্রেও কয়লার স্বল্পতা রয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রও কয়লার সংকটের কারণে উৎপাদন কমিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বাড়ছে।
গতকাল সর্বোচ্চ লোডশেডিং ছিল বেলা ৩টায়—৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। এর পরদিন ছুটির দিন সকালেও সারাদেশে আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে।





