গাজীপুরে মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা

নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

Shahrier Islam Pallab
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে দৃশ্যমান, সর্বাত্মক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং গাজীপুর জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ এমপি। তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।

আরও পড়ুন: সাত সকালে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গরু চুরি, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি, সার মজুত ও বিতরণ এবং রাজনৈতিক ভাবে নিষিদ্ধ সংগঠনের তৎপরতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: ফটিকছড়িতে ডেবিট ইমনের দুই সহযোগী টেস্টার মোবারক ও ডাবা হারুন গ্রেফতার

সভায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিনের মাদক বিরোধী অভিযানের বিষয়টি তুলে ধরেন। রাজউকের জমিতে গড়ে ওঠা ওই অবৈধ বস্তিটি মাদকের কেন্দ্রস্থলে পরিণত হওয়ায় সেখানে অভিযান পরিচালনায় নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানান তিনি। এ এলাকায় আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জিএমপি কমিশনার।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, টঙ্গীর মাজার বস্তিসহ জেলার প্রতিটি অপরাধ প্রবণ এলাকায় দৃশ্যমান ও কার্যকর অভিযান চালাতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি বলেন, সরকারের মূলনীতি হলো আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, মাদক ও চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো ধরনের শিথিলতা না দেখানোর আহ্বান জানান তিনি।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ অনেক আশা-প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। সাধারণ মানুষ যেন বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে ভালো বোধ করে, সে জন্য প্রশাসন ও রাজনীতিবিদদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি রয়েছে। জেলার মানুষের জন্য নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দুর্ঘটনার পর দ্রুত মামলা গ্রহণ, নিহতদের পরিবারকে হয়রানি মুক্ত ভাবে সরকারি আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

একটি মানবিক, নিরাপদ ও স্থিতিশীল জেলা গঠনে প্রতিটি সরকারি বিভাগকে সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী সভায় কে কী দায়িত্ব পালন করেছেন, কতটুকু অগ্রগতি হয়েছে এবং কোথায় ব্যর্থতা রয়েছে—তা পর্যালোচনা করে জবাবদিহি নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, অতীতে প্রশাসনকে ওপর থেকে চাপিয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করতে হতো। বর্তমানে কর্মকর্তারা নিজেরা উদ্যোগী হয়ে কাজ করছেন। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী সভার আগেই আজকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।