ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী
দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিল পরিশোধ-জাহাজের ছাড়পত্র সবই অনলাইনে, স্মার্ট পোর্টে রূপান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে বলে দলটির দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার লুণ্ঠনের ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলার কথাও জানান তিনি।
আরও পড়ুন: ২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যবসায়ী পুলিশের হাতে আটক
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দলটি কাজ করবে।
তিনি আরও বলেন, অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
বিক্ষোভ মিছিলটি দুপুরে জেলা শহরের রথখলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





